শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জনপ্রিয় আয়োজন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হতে যাচ্ছে। ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতার জন্য দেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। প্রথমে এসব অঞ্চলে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। পরে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে। সবশেষে চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়।

এবারের প্রতিযোগিতায় শিশু-কিশোররা বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত এবং হামদ-নাত।

প্রতিযোগীদের বয়স অনুযায়ী দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় ৬ বছর থেকে ১১ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। আর ‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছর।

প্রাথমিক ও বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘নতুন কুঁড়ি-২০২৬’-এর চূড়ান্ত পর্ব।

বাংলাদেশ টেলিভিশনের অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রতিভাবান শিল্পীর আত্মপ্রকাশ ঘটে। গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক শিল্পীর পথচলার শুরু হয়েছিল এই আয়োজনের মাধ্যমে।

দীর্ঘ সময় শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখা ‘নতুন কুঁড়ি’ সর্বশেষ আয়োজন করা হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ বিরতির পর আবারও আয়োজনটি ফিরে আসায় দেশের বিভিন্ন অঞ্চলের নতুন প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

আয়োজকদের আশা, নতুন কুঁড়ির নতুন আসরের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক সম্ভাবনাময় শিল্পী উঠে আসবে এবং ভবিষ্যতের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!