দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এলাকায়। এ অঞ্চলে নতুন করে ৩৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) সবচেয়ে বেশি ১১৩ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, এ সময়ে খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় পানি জমে থাকার স্থান পরিষ্কার রাখলে মশার বিস্তার কমানো সম্ভব।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!