মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ আবরার ফাহাদ হলের ড্রেন পরিষ্কারের কাজ করার সময় মিলন (৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবরার ফাহাদ হলের ড্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই সময় মিলন হলের ড্রেন পরিষ্কার করছিলেন। একপর্যায়ে একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। সাপের কামড়ের পর তিনি চিৎকার করলে আশপাশে থাকা অন্য শ্রমিক ও হলের দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ব্যবস্থা নেওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহিদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট ড. মো. রাশেদুজ্জামান বলেন, ঘটনার পর দ্রুত তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে নেওয়ার কারণে রক্তে বিষের উপস্থিতি পাওয়া যায়নি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ঝোপঝাড় ও জলাশয় এলাকায় সাপের উপদ্রব বাড়ায় শিক্ষার্থী ও কর্মরত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম ও চিকিৎসা ব্যবস্থার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ঝোপঝাড়, ড্রেন ও জলাশয় এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এ ধরনের ঝুঁকি কমানো সম্ভব।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!