নওগাঁর পত্নীতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমবাটি বাজারের পাশে নজিপুর-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন।
আহতরা হলেন—নওগাঁর ধামইরহাট উপজেলার চকরহমত গ্রামের সোহাগ (১৯), নূর আলম (২৩), মিলন (৪৫) ও আজাদ হোসেন (৩০)।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
আহতদের মধ্যে নূর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্য তিনজন বর্তমানে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, নজিপুর-ধামইরহাট সড়কে যানবাহনের চাপ থাকায় অনেক সময় অসতর্কভাবে চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কে যান চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!