আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এই সুবিধা থেকে কেউ বাদ যাবে না। এমনকি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীও ফ্যামিলি কার্ডের আওতায় থাকবেন। একই সময়ের মধ্যে দেশের কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে কে সাধারণ নাগরিক আর কে গুরুত্বপূর্ণ ব্যক্তি—এমন কোনো ভেদাভেদ থাকবে না বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১১ দলীয় ঐক্যের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনাও করেন। তিনি অভিযোগ করেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকটের মধ্যে ১১ দল কীভাবে লংমার্চ করেছে, সে প্রশ্নও তোলেন তিনি।

মীর শাহে আলম বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য মোট এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

ফ্যামিলি কার্ডের আওতা ও সুবিধা নিয়ে এর আগে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!