দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সেই হিসাবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের বাজারে বাজুসের সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো। ফলে দুই দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে এসব নির্ধারিত দামে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!