যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের বড় ধরনের মেরামত কাজের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ কাজ বাস্তবায়নের জন্য ই-টেন্ডার আহ্বান করেছে সংস্থাটি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অপারেশন সেকশনের এক ই-টেন্ডার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে যমুনা সেতুর দুই প্রান্তের রাউন্ডঅ্যাবাউট থেকে ভায়াডাক্ট পর্যন্ত সড়ক অংশের মেরামত কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, বনানী, ঢাকা থেকে সরকারি ই-জিপি (e-GP) সিস্টেম পোর্টালের মাধ্যমে এ দরপত্র আহ্বান করা হয়েছে। টেন্ডারের আইডি নির্ধারণ করা হয়েছে ১৩৪২২১৬।
দরপত্রে কাজের নাম উল্লেখ করা হয়েছে ‘Major Repair Works of Approach Roads (East Roundabout to East Viaduct and West Roundabout to West Viaduct) of Jamuna Bridge, Tangail/Sirajganj’। এর আওতায় যমুনা সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে পূর্ব রাউন্ডঅ্যাবাউট থেকে পূর্ব ভায়াডাক্ট এবং পশ্চিম রাউন্ডঅ্যাবাউট থেকে পশ্চিম ভায়াডাক্ট পর্যন্ত সংযোগ সড়কের মেরামত করা হবে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সম্পূর্ণ অনলাইন টেন্ডার কার্যক্রম। জাতীয় ই-জিপি সিস্টেম পোর্টালের মাধ্যমে ছাড়া কোনো দরপত্র গ্রহণ করা হবে না। একই সঙ্গে কোনো অফলাইন বা হার্ড কপি জমা দেওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-টেন্ডার সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে ই-জিপি পোর্টাল থেকে সংগ্রহ করা যাবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর ২০২৬ দুপুর ২টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে একই দিন দুপুর ২টার পর দরপত্র খোলা হবে।
যমুনা সেতু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার সংযোগস্থলে অবস্থিত এ সেতু দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিনের ব্যবহারের কারণে সেতুর সংযোগ সড়কের রক্ষণাবেক্ষণ ও মেরামত প্রয়োজন হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ই-টেন্ডার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!