বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করেন। এর ফলে জেলার বিভিন্ন রুটে আবারও স্বাভাবিক হয়েছে যাত্রী পরিবহন ব্যবস্থা।

জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে একই ঘটনার জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে। এ ঘটনায় বাসচালক রুবেল হোসেন গুরুতর আহত হন।

আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান তারা। এর পরিপ্রেক্ষিতে রবিবার থেকে নওগাঁর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ জরুরি কাজে যাতায়াতকারীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয়। এতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে বলেও জানা যায়।

পরিস্থিতি স্বাভাবিক করতে সোমবার সকাল থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশ। দিনভর কয়েক দফা বৈঠকের পর বাসচালককে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন শ্রমিক নেতারা।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সোমবার কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে আস্থা রেখে বাস চলাচল স্বাভাবিক করেছেন।

রাত সাড়ে ১০টার পর থেকে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। দুই দিনের ভোগান্তির পর গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!