বেনাপোলের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বেনাপোল সীমান্তের আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ স্থানীয় ক্যাম্পের সদস্যরা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেন।

বিজিবি জানায়, ঘিবা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৭ নম্বর ঘিবা মাঠে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

এ ছাড়া একই দিনে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ি, দেড় কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার করা গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা অন্যান্য চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!