যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা ও বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ঘিবা বিওপির সীমান্ত এলাকার ৭ নম্বর ঘিবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ছাড়া বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ি, দেড় কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি কর্মকর্তা আরও জানান, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে মামলা দায়েরের পর তা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!