বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত এবং কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রবাসীদের নানা সমস্যা ও কষ্ট লাঘবের লক্ষ্যে গঠিত এই সেলের মাধ্যমে এখন থেকে প্রবাসীরা তাঁদের সমস্যা বা অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।
ই-মেইলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীদের কাছ থেকে পাঠানো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশেষ সেলটি। এ ক্ষেত্রে minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় পাওয়া অভিযোগগুলো বিবেচনা করা হবে।
মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি মন্ত্রণালয়ের কাছে জানানোর একটি নির্দিষ্ট মাধ্যম পাবেন। একই সঙ্গে অভিযোগগুলো নিয়মিতভাবে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপনের মাধ্যমে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!