নওগাঁর রাণীনগর উপজেলার সরদার কয়া ও বড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একডালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুঞ্জুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল খালেক তোতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একডালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান আলী, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ (মিঠু), সহ-সভাপতি রাসেল মাহমুদ, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন, সাবেক শিক্ষক সোহরাব হোসেন দুদু, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সাংবাদিক মো. ওহেদুল ইসলাম মিলনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে নবনির্বাচিত ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!