নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় মোখলেছুর রহমানকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অবশিষ্ট ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও মনোহরদী থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!