শার্শায় গভীর রাতে বিশেষ অভিযানে গ্রেপ্তার যুবলীগের সাবেক নেতা, বিস্ফোরক আইনে মামলা

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার ফুলসার গ্রামের মাঝেরপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলী ফুলসার গ্রামের মৃত জয়নাল আবেদীন ব্যাপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ডিহি ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক।

শার্শা থানার পুলিশ জানায়, থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার এসআই আশীষ সরকার ও এএসআই মো. আজমুল হুদা মিঠুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের অপরাধ বা নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!