লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবহিত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদন বা লাইসেন্স ছাড়া এসব প্ল্যাটফর্ম পেমেন্ট অ্যাগ্রিগেটর সেবা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা অনুযায়ী, লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা প্রদান করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর আওতায় অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। আইনের ৪(২) ধারায় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পেমেন্ট সেবা দেওয়ার সুযোগ নেই। একই আইনের ৩৭(১) ধারায় এ বিধান লঙ্ঘনের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা ২২টি প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্ল্যাটফর্মের কার্যক্রম বা এর মাধ্যমে আর্থিক লেনদেনে যুক্ত হলে গ্রাহক আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন। এ কারণে কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন পেমেন্ট সেবার ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেনের ওপর গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তার পর গ্রাহকদের জন্য লেনদেনের আগে সংশ্লিষ্ট পেমেন্ট সেবাদাতার বৈধ অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করার বিষয়টি সামনে এসেছে।
এদিকে লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিটিআরসিকে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছে। এসব প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ সরিয়ে নেওয়া এবং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে গ্রাহকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে। অনুমোদনহীন পেমেন্ট প্ল্যাটফর্ম এড়িয়ে বৈধ ও অনুমোদিত সেবাদাতার মাধ্যমে অনলাইন লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!