সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা গরু ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ছাড়া ২৬ সেপ্টেম্বর কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তসংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে এসব এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

বিজিবি জানায়, পৃথক চারটি অভিযানে সর্বমোট ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদক ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিজিবি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের চোরাচালান প্রতিরোধে সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!