নরসিংদীর মনোহরদীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকৃত ৫৭ দশমিক ৩২ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২১টি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ১৮টি মামলায় ১৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে মোট ২ হাজার ৬৭০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় কসমেটিকস ও ওষুধ সংক্রান্ত দুটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধির আওতায় একটি মামলায় এক আসামিকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় বড়চাপা ও গোতাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলকৃত ৫৭ দশমিক ৩২ শতাংশ জমি উদ্ধার করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!