খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়পিলাক এলাকার ৪ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেপ্তার খিল্যু মারমা স্থানীয় ছনখলা পাড়ার বাসিন্দা কংজু মারমার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শিশুটি মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। পথে একটি নির্জন স্থানে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অভিযুক্তকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। পরে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী, গুইমারা থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত খিল্যু মারমাকে আটক করা হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!