চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খেলাধুলা শেষে চার বন্ধু মিলে নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন ওরফে সান (১৯) এবং একই গ্রামের সোবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। তারা দুজনই কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে চার বন্ধু একসঙ্গে খেলাধুলা শেষ করে মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা নদীর পানিতে নামেন। এ সময় সান ও সাব্বির পানিতে ডুবে যান। তাদের সঙ্গে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে খবর দেন।

পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সান ও সাব্বিরকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে চার বন্ধু খেলাধুলা শেষে নদীতে গোসল করতে গিয়েছিলেন। পরে সান ও সাব্বির পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, পানিতে ডুবে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকলে পুলিশি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!