এস এম আমির খান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষ অপর পক্ষের উপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

রোববার দুপুরে বাহুবল বাজারসংলগ্ন বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন-চার দিন ধরে বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে সিএনজি ও টমটম শ্রমিকদের দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!