সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১০টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের উদ্যোগে রোববার ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক জিহাদ হাওলাদার বলেন, ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী যেখানে-সেখানে ময়লা ফেলছেন। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় এ সমস্যা আরও বাড়ছে। ময়লা জমে থাকায় মশার উপদ্রবও দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সুযোগ তৈরি করতেই ডাস্টবিনগুলো বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন থাকলে শিক্ষার্থীরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে উৎসাহিত হবেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের পরিচ্ছন্ন থাকার পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশও পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ উদ্যোগটির প্রশংসা করে বলেন, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জন্য একটি ভালো পরিবেশ নিশ্চিত করতে ডাস্টবিনের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, উন্নত জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। তিতুমীর কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। সবাই এ ধরনের ভালো কাজে এগিয়ে এলে ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর হবে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের নয়। প্রত্যেক শিক্ষার্থীকে নিজের জায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং অন্যদেরও পরিচ্ছন্ন থাকার বিষয়ে উৎসাহিত করতে হবে।

কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপনের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!