নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে তিন লাইনবিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

মতবিনিময়কালে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু স্টেশনের বর্তমান পরিস্থিতি ও যাত্রীদের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, রেল যোগাযোগের উন্নয়নের জন্য আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গুরুত্বপূর্ণ। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উন্নয়ন হলে স্থানীয় যাত্রীদের পাশাপাশি রেলসেবার মানও বৃদ্ধি পাবে।

এ সময় রেলওয়ের কর্মকর্তারা স্টেশনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনার কথা জানান।

মতবিনিময় অনুষ্ঠানে আত্রাই উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং রেলসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!