নওগাঁর ধামইরহাট উপজেলায় মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আনান হুসেন (১৯) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর (মঙ্গলবাড়ী বাজার) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনান হুসেন উপজেলার মুকুন্দপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার বিকেলে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আনান হুসেনের সঙ্গে তাঁর মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অভিমান করে নিজের শয়নকক্ষে চলে যান।
পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় সিলিং ফ্যানের কড়ার সঙ্গে জানালার পর্দার কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আনান হুসেনকে দেখতে পান তারা।
পরে বিষয়টি জানানো হলে ধামইরহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!