কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের খসড়া প্রেষণ তালিকা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের উত্থাপিত আপত্তি, পরামর্শ, মতামত ও অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা চূড়ান্ত করার আগে এসব বিষয়ে বক্তব্য জানতে ১৮ জন শিক্ষককে ব্যক্তিগত শুনানিতে ডেকেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-৪-এর ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশের বিষয় ‘খসড়া প্রেষণ তালিকার বিষয়ে ব্যক্তিগত শুনানি গ্রহণ সংক্রান্ত’।

নোটিশে বলা হয়েছে, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের খসড়া প্রেষণ তালিকা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের উত্থাপিত আপত্তি, পরামর্শ, মতামত ও অভিযোগ নিষ্পত্তি এবং তালিকাটি চূড়ান্ত করার লক্ষ্যে এ শুনানি অনুষ্ঠিত হবে। কারিগরি বিভাগের অতিরিক্ত সচিবের উপস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য শোনা হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। নোটিশে ১৮ জন শিক্ষককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাঁদের উত্থাপিত আপত্তি, পরামর্শ, মতামত বা অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সঙ্গে আনতে বলা হয়েছে।

শুনানিতে ডাকা শিক্ষকদের মধ্যে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বিভিন্ন বিষয়ের ইনস্ট্রাক্টর রয়েছেন। তাঁদের মধ্যে আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, গণিত, মেশিনিং, রসায়ন, জেনারেল ইলেকট্রনিকস এবং টেক/অ্যাপারেল-সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক রয়েছেন।

নোটিশের তালিকা অনুযায়ী, রংপুর, গাজীপুর, পাবনা, গৌরীপুর, সালথা, পীরগঞ্জ, মাইজদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ১৮ জনকে শুনানিতে ডাকা হয়েছে।

শুনানিতে সংশ্লিষ্ট শিক্ষকরা খসড়া প্রেষণ তালিকা নিয়ে তাঁদের আপত্তি, মতামত ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ পাবেন। তাঁদের বক্তব্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ বিবেচনার পর খসড়া প্রেষণ তালিকা চূড়ান্ত করার পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!