সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত স্থাপনায় বেসরকারি বিনিয়োগ অথবা নিজস্ব তহবিলের মাধ্যমে এ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
এ জন্য বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেল অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহারের কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের উপযুক্ত ভবন বা স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেবে।
মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!