চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ২২ বোতল এস্কাফ ও ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য ও একটি বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান চালায়। সেখানে নুর ইসলামকে আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়। এ সময় তাঁর ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।

আটক নুর ইসলাম শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের মো. সোহরাব আলীর ছেলে। পরে তাঁকে, জব্দ করা মাদকদ্রব্য এবং বাইসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে দুইজন আসামিসহ ভারতীয় ২১০ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!