দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এবার বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সারা দেশে হাম টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, সেখানে লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ পর্যন্ত অর্জিত হয়।

এরপর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচিতেও শিশুদের তথ্য যাচাই করা হয়। তখন দেখা যায়, আগের হাম টিকাদান কর্মসূচি থেকে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইন পরিচালনা করে এরই মধ্যে আরও ১৯ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগের কর্মসূচি ও মপ-আপ ক্যাম্পেইনের পর এখনো প্রায় ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরও প্রায় ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। সব মিলিয়ে এবার ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় টিকার মজুদও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরও ৪৩ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সংগ্রহ করা হয়েছে। এর আগে মজুদ ছিল ১৫ লাখ ডোজ। সব মিলিয়ে বর্তমানে ৫৮ লাখ ডোজ টিকা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, টিকা ব্যবহারের সময় সম্ভাব্য ১০ শতাংশ ওয়েস্টেজ ধরলেও প্রায় ৫২ লাখ ডোজ টিকা হাতে থাকবে। ফলে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও অতিরিক্ত টিকা মজুদ থাকবে।

এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে নিয়মিত টিকাদান কর্মসূচিতে কোনো কারণে বাদ পড়া শিশুদের পাশাপাশি নতুন করে টিকাদানের বয়সসীমায় আসা শিশুদেরও টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলা কর্মসূচিতে নির্ধারিত বয়সসীমার শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!