ঝুঁকিপূর্ণ দায়িত্বে থাকা সরকারি কর্মীদের জন্য নতুন করে ভাতার হার নির্ধারণ করেছে সরকার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারা বিভাগ, কোস্ট গার্ড, আনসার, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মীদের ঝুঁকি ও বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একাধিক গেজেট জারি করেছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে ভাতার নতুন পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৮-এর কর্মীদের ভাতা ১ হাজার ৬৮০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩৬০ টাকা করা হয়েছে। গ্রেড-১০-এর কর্মীদের ভাতা ৩ হাজার ২৪০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা করা হয়েছে। মাঝের গ্রেডগুলোতেও চাকরির বয়স অনুযায়ী ধাপে ধাপে হার নির্ধারণ করা হয়েছে।
কারা বিভাগের ডেপুটি জেলার ও তদনিম্ন কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৭-এর কারারক্ষী, মহিলা কারারক্ষী ও দেহরক্ষীদের ভাতা ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা করা হয়েছে। গ্রেড-১১-এর ডেপুটি জেলারের ঝুঁকি ভাতা ২ হাজার ৬৪০ টাকা থেকে ৫ হাজার ৫২০ টাকা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীর জন্যও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারীদের পদভিত্তিক ঝুঁকি ভাতাও নির্ধারণ করা হয়েছে। নতুন হারে এমসিপিও পদে ৩ হাজার ৮৪০ টাকা, এসসিপিওতে ৩ হাজার টাকা, সিপিওতে ২ হাজার ৭৬০ টাকা এবং পিও পদে ২ হাজার ৬৪০ টাকা ভাতা পাবেন।
দুর্নীতি দমন কমিশনের গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কর্মীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে। মহাপরিচালক পদে ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক পদে ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক পদে ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট পদে ১৫ হাজার ৬০০ টাকা এবং সিনিয়র সহকারী পরিচালকসহ নির্দিষ্ট পদে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!