বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মীদের বিশেষ ও ক্ষতিপূরণ ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসএফ সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে।
একই হারে এনএসআই ও ডিজিএফআইয়ের সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে। নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি একাধিক গেজেট জারি করেছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় বিভিন্ন ভাতার নতুন পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
সরকারি কাজে ঝুঁকি ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা এবং দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এসব ভাতা দেওয়া হয় বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত শুধু এসএসএফ, এনএসআই ও ডিজিএফআইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারা বিভাগ, আনসার, কোস্ট গার্ড, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং দুর্নীতি দমন কমিশনের কর্মীদের জন্যও বিভিন্ন ঝুঁকি, বিশেষ ও সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজিবির সুবেদার মেজর ও তদনিম্ন কর্মচারীদের সীমান্ত ভাতা গ্রেড ও চাকরির বয়সভিত্তিক পাঁচ ধাপে নির্ধারণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কারা বিভাগের ডেপুটি জেলার ও তদনিম্ন কর্মচারী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীদের জন্য নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।
কোস্ট গার্ডের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারীদের পদভিত্তিক ঝুঁকি ভাতাও নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এসআরবির কর্মীদের বিশেষ ভাতার নতুন হারও নির্ধারণ করেছে সরকার।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!