বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মেজর ও তদনিম্ন কর্মচারীদের সীমান্ত ভাতা নতুন করে নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় এই ভাতা পাঁচ ধাপে নির্ধারণ করা হয়েছে। নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে গেজেট জারি করেছে। এতে বিজিবির বিভিন্ন গ্রেডের কর্মীদের জন্য নতুন সীমান্ত ভাতার হার উল্লেখ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-২০ ভুক্ত কর্মীদের মাসিক সীমান্ত ভাতা ১ হাজার ৪৪০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ১২০ টাকা করা হয়েছে। গ্রেড-১৫ ভুক্তদের ভাতা ২ হাজার ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ৮০ টাকা।
গ্রেড-১০-এর কর্মীদের সীমান্ত ভাতা ২ হাজার ৭৬০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৪০ টাকা করা হয়েছে। আর গ্রেড-৬-এর কর্মীদের জন্য ভাতা ৩ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড ও চাকরির বয়সভিত্তিক পাঁচ ধাপে ভাতা নির্ধারণের কারণে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে প্রাপ্য অর্থ চাকরির মেয়াদ ও গ্রেড অনুযায়ী আলাদা হবে।
বিজিবির সীমান্ত ভাতার পাশাপাশি বিভিন্ন সরকারি বাহিনী ও সংস্থার ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তের আওতায় এসএসএফ, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস, কারা বিভাগ, আনসার ও কোস্ট গার্ডসহ বিভিন্ন সংস্থা রয়েছে।
সরকারের গেজেট অনুযায়ী, এসব ভাতা সরকারি কাজে ঝুঁকি ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা এবং দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে দেওয়া হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!