বিভিন্ন সরকারি দপ্তর, বাহিনী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঝুঁকি, বিশেষ, সীমান্ত ও ক্ষতিপূরণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় এসব ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একাধিক গেজেট জারি করেছে। বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাধারণ ভাতার বাইরে বিশেষ পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারী বিভিন্ন দপ্তরের কর্মীদের জন্য এসব ভাতা দেওয়া হয়। সরকারি কাজে ঝুঁকি ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা এবং দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই ভাতাগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। একই হারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মেজর ও তদনিম্ন কর্মচারীদের সীমান্ত ভাতা গ্রেড ও চাকরির বয়সভিত্তিক পাঁচ ধাপে নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২০ ভুক্তদের মাসিক ভাতা ১ হাজার ৪৪০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ১২০ টাকা করা হয়েছে। গ্রেড-১৫ ভুক্তদের ভাতা ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা হয়েছে।

গ্রেড-১০ এর কর্মীদের সীমান্ত ভাতা ২ হাজার ৭৬০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৪০ টাকা এবং গ্রেড-৬-এর জন্য ৩ হাজার ২৪০ টাকা থেকে ৬ হাজার ৪৮০ টাকা করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৮-এর কর্মীরা ১ হাজার ৬৮০ টাকার পরিবর্তে ৩ হাজার ৩৬০ টাকা এবং গ্রেড-১০-এর কর্মীরা ৩ হাজার ২৪০ টাকার পরিবর্তে সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা পাবেন। মাঝের গ্রেডগুলোতেও চাকরির বয়স অনুযায়ী ধাপে ধাপে ভাতার হার নির্ধারণ করা হয়েছে।

কারা বিভাগের ডেপুটি জেলার ও তদনিম্ন কর্মচারীদের ঝুঁকি ভাতাও নতুন করে নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৭-এর কারারক্ষী, মহিলা কারারক্ষী ও দেহরক্ষীদের ঝুঁকি ভাতা ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা করা হয়েছে। গ্রেড-১১-এর ডেপুটি জেলারের ঝুঁকি ভাতা ২ হাজার ৬৪০ টাকা থেকে ৫ হাজার ৫২০ টাকা করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীর জন্যও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারীদের পদভিত্তিক ঝুঁকি ভাতাও নির্ধারণ করা হয়েছে। নতুন হারে এমসিপিও পদে ৩ হাজার ৮৪০ টাকা, এসসিপিও পদে ৩ হাজার টাকা, সিপিও পদে ২ হাজার ৭৬০ টাকা এবং পিও পদে ২ হাজার ৬৪০ টাকা ঝুঁকি ভাতা পাবেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ছে। মহাপরিচালক পদে ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক পদে ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক পদে ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট পদে ১৫ হাজার ৬০০ টাকা এবং সিনিয়র সহকারী পরিচালকসহ নির্দিষ্ট পদে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!