সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার নৌযানসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি অভিযান চালিয়ে তাঁদের জীবিত উদ্ধার করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ১১টার দিকে আট জেলেকে নিয়ে একটি মাছ ধরার নৌযানটি সাগরে মাছ ধরতে যায়। একপর্যায়ে সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌযানটি সাগরে ভাসতে থাকে।
ইঞ্জিন বিকল হওয়ার পর কয়েক দিন গভীর সমুদ্রে আটকে থাকলেও মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা তাৎক্ষণিকভাবে নৌযানটির মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নৌযানটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোন করে মালিককে বিষয়টি জানান।
পরে নৌযানটির মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা নৌযানটির অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড। পরে নৌযানটিতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। নৌযানসহ উদ্ধার হওয়া জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের জরুরি সহায়তা ও উদ্ধারে কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!