স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার শূন্য পদে নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৫১তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে প্রার্থীকে প্রথমে পিএসসির নির্ধারিত অনলাইন আবেদনপত্র BPSC Form-1 পূরণ করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরুর সময় ১ অক্টোবর সকাল ১০টা এবং শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা।
অনলাইন ফরম পূরণের সময় প্রার্থীকে প্রয়োজনীয় ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে। ফরম পূরণ শেষে Application Preview দেখে তথ্য যাচাই করে আবেদন চূড়ান্ত করতে হবে। ফি দেওয়ার আগে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে। তবে ফি জমা দেওয়ার পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
আবেদনের সময় প্রার্থীকে সাম্প্রতিক রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির মাপ সর্বোচ্চ ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। ছবিটি সর্বোচ্চ তিন মাস আগে তোলা হতে হবে এবং ছবিতে সানগ্লাস ব্যবহার করা যাবে না।
এর পাশাপাশি স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। স্বাক্ষরের মাপ সর্বোচ্চ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে। Applicant’s Copy-তে স্বাক্ষর দৃশ্যমান না থাকলে আবেদন বাতিল হতে পারে।
আবেদন সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী একটি User ID-সহ ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাবেন। এরপর ওই User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ডের ডাটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাটসহ ৫ টাকা দিতে হবে।
ফি জমা দিতে প্রথমে টেলিটক নম্বর থেকে লিখতে হবে BCS <space> User ID এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে প্রার্থীর নাম, ফি ও একটি PIN জানানো হবে। এরপর দ্বিতীয় এসএমএসে BCS <space> YES <space> PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পেমেন্ট সফল হলে ফিরতি এসএমএসে আবেদন সম্পন্ন হওয়ার তথ্য, User ID ও Password জানানো হবে।
২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করে User ID পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। তবে নির্ধারিত সময়ের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী ফি জমা দিয়ে অনলাইনে আবেদন চূড়ান্ত করার পর পুনরায় আবেদন করতে পারবেন না। একাধিকবার বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে।
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!