নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

মিছিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপির নেতারা বলেন, রাজনৈতিকভাবে যেকোনো ধরনের নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তাঁদের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। তাঁরা নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

বিএনপির নেতারা আরও বলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাঁরা অবস্থান নেবেন। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। মিছিল শেষে নেতা-কর্মীরা পৌর চত্বর ত্যাগ করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!