কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত ও অসহায় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি তাদের নানা দুর্ভোগ, আশ্রয়হীনতার আশঙ্কা এবং বিভিন্ন সমস্যার কথা ধৈর্য্যসহকারে শোনেন।

পরবর্তীতে নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, প্রতি বছরই নদীভাঙনে ভিটেমাটি ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। তারা অনতিবিলম্বে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী জিও ব্যাগ ফেলা ও ব্লক বাঁধ নির্মাণের মতো কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী স্থানীয়দের আস্বস্ত করে বলেন, মসলেমপুরের নদীভাঙন একটি মারাত্মক সমস্যা। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!