কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব শামসুল হক বিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
শামসুল হক বিএসসির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।
এক যৌথ শোকবার্তায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি, জেলা জামায়াতের সূরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান এবং উপজেলা তথ্য ও মিডিয়া পরিচালক শাহজামাল শাওন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শামসুল হক বিএসসি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী সংগঠক, দক্ষ সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। ফুলবাড়ী উপজেলায় দ্বীনি দাওয়াত, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সংগঠন একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারিয়েছে।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গজেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!