নওগাঁর আত্রাইয়ে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় এমসি আবুল হোসেনের সঞ্চালনায় এবং আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. তাওফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন পোরশা উপজেলার এমসি মো. মহাসিন আলী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. জহিরুল ইসলাম এবং হামদ-নাত পরিবেশন করেন মো. এমরান হোসাইন।

সভায় বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মো. রেজাউল ইসলাম, মাওলানা মোহাম্মদ আবদুল জলিল, মাওলানা মো. রফিকুল ইসলাম ও মমিনুল ইসলাম।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের এমসি, জিসি, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন আত্রাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক হাফেজ সাংবাদিক মো. ফিরোজ আহমেদ, মো. আব্দুল হাই আল হাদি, হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিদুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শিক্ষক ও কেয়ারটেকারদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বাল্যবিবাহ, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম সফল করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!