জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার নির্ধারণ করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে নির্ধারিত নতুন ভাড়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর ধরা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাসের পাশাপাশি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব যানবাহনে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়াও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটিএ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে সংশ্লিষ্ট ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
তবে নতুন এই ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রজ্ঞাপনে নির্ধারিত বাড়তি ভাড়া ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য।
যাত্রীদের জানাতে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার হার বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষর করেছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস-মিনিবাসের পরিচালন ব্যয় বিবেচনায় নতুন এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!