কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কুড়িগ্রামে বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
“বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন কিশোরী অংশ নেয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কন্যাশিশুর শিক্ষা এবং তাদের অধিকার নিয়ে আলোচনা করা হয়।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী চাদ, প্রকল্প সমন্বয়ক কার্তিক চন্দ্র সেন ও শিফটার আশিকা আক্তার শিমু।
কর্মসূচিতে কিশোরীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সচেতনতামূলক র্যালি ও নাটিকা পরিবেশন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)-এর সোচ্চার প্রকল্পের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, কন্যাশিশুদের বাল্যবিবাহ থেকে রক্ষা করা, তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং পরিবার ও সমাজে এ বিষয়ে সচেতনতা বাড়ানোই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে জানানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!