পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনায় পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি-এর বাইরে কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার এবং এরপর প্রতিবার একই ধরনের ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান এতে সই করেছেন।
পরিপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার কথা জানিয়ে পুনঃইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট গুরুত্বপূর্ণ ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহার মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আগের নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে নতুন নিয়ম করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার পর যত দ্রুত সম্ভব নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি রিপোর্ট করতে হবে। পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডি করার পর সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে এর সঠিকতা যাচাই করে প্রতিবেদন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর অথবা নিকটস্থ পাসপোর্ট অফিসে পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়া না গেলেও জিডির কপি সংযুক্ত করে পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘Lost Circular’ জারি করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।
জিডি যাচাইয়ের সময় যদি দেখা যায়, ভিসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে, তখন পরিস্থিতি অনুযায়ী আগের পাসপোর্ট ‘Revoke’ করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।
বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট মিশন ‘Lost Circular’ জারি করে পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।
নতুন পাসপোর্ট ইস্যুর সময় ডেটাপেজে স্পষ্টভাবে ‘Previous Passport is Reported to be Lost’ লেখা থাকবে। একই সঙ্গে আগের পাসপোর্টের ‘Lost/Revoked’ অবস্থা সংশ্লিষ্ট ডাটাবেজে হালনাগাদ করতে হবে।
পরিপত্র অনুযায়ী, নতুন নিয়মটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!