নওগাঁর মান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মিনহাজুল (৪০) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিনহাজুল উপজেলার বানিশ্বর গ্রামের মৃত মুনছের মোল্লার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মিনহাজুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ড কার্যকরের জন্য তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তিনি মাদক থেকে দূরে থাকতে এবং মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!