বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামে রাস্তার পাশের বাঁশঝাড় থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় এক মুসল্লি রাস্তার পাশের বাঁশঝাড় থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে ঝোপের মধ্যে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন তিনি।

খবর পেয়ে স্থানীয় মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য নবজাতকটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে শিশুটি উপজেলা শিশু কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!