নওগাঁর রাণীনগরে সড়কে গণছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৩২০ টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় ছিনতাইকারীরা একে একে অন্তত আটজন পথচারীকে মারধর করে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কয়েকজন পথচারী আহত হন। পরে বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে রাণীনগর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর একই রাতে রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২) কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৩২০ টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি জাকারিয়া মন্ডল বলেন, গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাণীনগরের ওই সড়কে সংঘটিত গণছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!