নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মোজাফ্ফর হোসেনকে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাজী বেলাল হোসেন। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের এছাহক টাওয়ারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী বেলাল হোসেন দাবি করেন, অবৈধ কার্যক্রমের অভিযোগে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি মোজাফ্ফর হোসেনের নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করা হয়। এরপর ২০১১ সালের ৬ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭ থেকে তাকে কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, মোজাফ্ফর হোসেন ওই নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে দুটি রিট মামলা দায়ের করেছিলেন। পরে ২০২১ সালের ২২ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ওই মামলা দুটি খারিজ করে দেন। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলেও ২০২৪ সালের ১২ মে তা খারিজ হয়ে যায় বলে দাবি করেন বেলাল হোসেন।

কাজী বেলাল হোসেন অভিযোগ করেন, আদালতের সিদ্ধান্তের পরও মোজাফ্ফর হোসেন তার রেজিস্ট্রার ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। তিনি দাবি করেন, এরপর থেকে মোজাফ্ফর হোসেন অবৈধভাবে বিবাহ ও তালাক নিবন্ধনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে বেলাল হোসেন আরও অভিযোগ করেন, এসব কার্যক্রমের প্রতিবাদ করায় তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের কার্যক্রমের কারণে সাধারণ মানুষ বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে প্রতারণার শিকার হতে পারেন এবং সরকার রাজস্ব হারাতে পারে। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান কাজী বেলাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই জালাল আহমেদ ও ছেলে ইমামুল মুত্তাকিন হোসেন।

এদিকে, কাজী বেলাল হোসেনের অভিযোগ অস্বীকার করেছেন মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, ২০১১ সাল থেকে বেলাল হোসেনের কার্যক্রমই অবৈধ। তার কার্যক্রমের বিরুদ্ধে আদালতে স্টে অর্ডারসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের আদেশ বা প্রশাসনিক সিদ্ধান্তের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!