সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১০টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এনবিআরের আদেশ অনুযায়ী, সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এ নির্দেশনার আওতায় থাকবে।
আদেশে বলা হয়েছে, নির্ধারিত এসব খাতের নিবন্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।
অর্থাৎ, নির্ধারিত খাতের কোনো নিবন্ধিত ব্যবসা বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান একই সঙ্গে অন্য পণ্য বা সেবা সরবরাহ করলেও তাকে অনলাইনেই ভ্যাটের দাখিলপত্র জমা দিতে হবে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলকসংক্রান্ত এর আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।
নতুন আদেশে ভ্যাট রিটার্ন দাখিলের জন্য নির্ধারিত খাতের তালিকা ভবিষ্যতে পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। এনবিআর প্রয়োজন অনুযায়ী এ তালিকায় যেকোনো সময় নতুন খাত সংযোজন অথবা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেছে।
আদেশ অনুযায়ী, নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর নির্ধারিত ১০ খাতের নিবন্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাটের দাখিলপত্র জমা দিতে হবে। আদেশটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!