দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। ফলে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে এ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত একজন এবং সন্দেহজনক হামের চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিত ও সন্দেহজনক হাম-সংক্রান্ত রোগে মোট ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ৯৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১০ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন নিশ্চিত হাম আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৮ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১৬৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং সন্দেহজনক হামজনিত মৃত্যুর হিসাব আলাদাভাবে দেওয়া হয়েছে। ফলে দুই ধরনের মৃত্যুর তথ্য যোগ করেই মোট হাম-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৩ জন হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!