জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী সরকারি কর্মচারীদের বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে প্রতি অর্থবছরের প্রথম দিন ১ জুলাই। নতুন নিয়োগ পাওয়া কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হলে তিনি বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। নতুন পে-স্কেলের গেজেটে প্রথম নিয়োগে বেতন নির্ধারণ, অগ্রিম ইনক্রিমেন্ট এবং বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রেও আলাদা বিধান রাখা হয়েছে।
গেজেট অনুযায়ী, সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে প্রথমে কর্মচারীর বেতন নির্ধারণ করা হবে। এরপর ২০২৬ সালের ১ জুলাই তারিখে একটি বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে নতুন নিয়োগপ্রাপ্ত কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ছয় মাসের কম হলে তিনি ওই বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা পাবেন না।
২০২৬ সালের ১ জুলাই বা তার পরে প্রথমবার নিয়োগ পাওয়া কোনো কর্মচারীকে বদলি বা পদোন্নতি ছাড়া নিয়োগকৃত পদের জন্য জাতীয় বেতনস্কেল ২০২৬-এ নির্ধারিত স্কেলের প্রারম্ভিক বেতন দেওয়া হবে। এ ক্ষেত্রে গেজেটে বেতন নির্ধারণের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে।
তবে ৯ম গ্রেড বা তার ওপরে বেতনস্কেলের কোনো পদে প্রথম নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম ইনক্রিমেন্টের সুযোগ রাখা হয়েছে। ৯ম গ্রেডের বেতনস্কেল ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে যে ডিগ্রি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত, সেই যোগ্যতার ভিত্তিতেই অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়ার বিধান প্রযোজ্য হবে।
গেজেট অনুযায়ী, কোনো কর্মচারীর এমবিবিএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং বা সরকার স্বীকৃত সমপর্যায়ের ডিগ্রি থাকলে এবং সেটি সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকলে তিনি একটি অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রি, মাস্টার্স ডিগ্রিসহ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল প্ল্যানিংয়ে ডিগ্রি অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট পাওয়ার বিধান রয়েছে। এখানেও সংশ্লিষ্ট ডিগ্রিকে পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।
চিকিৎসা অনুষদের লাইসেন্সধারী কোনো কর্মচারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট লাইসেন্সটি যদি নিয়োগের পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকে, তাহলে প্রথম নিয়োগের সময় একটি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে।
উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন দেওয়ার পুরোনো কিছু বিধানও বহাল রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৭০ সালের তৎকালীন শিক্ষা বিভাগের কয়েকটি স্মারক এবং অর্থ বিভাগের ১৯৭৮ ও ১৯৮১ সালের সংশ্লিষ্ট আদেশে থাকা শর্তগুলো কার্যকর থাকবে। একই সঙ্গে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে উচ্চতর প্রারম্ভিক বেতনসংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের স্মারক এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণসংক্রান্ত অর্থ বিভাগের ২০২১ সালের এসআরওর বিধানও বহাল থাকবে।
গেজেটের বিধান অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই প্রথম নিয়োগ পাওয়া কোনো কর্মচারীর বেতন প্রথমে সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে নির্ধারণ করতে হবে। এরপর প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদিত অগ্রিম ইনক্রিমেন্ট যোগ করে চূড়ান্ত বেতন নির্ধারণ করা হবে। তবে এসব অগ্রিম ইনক্রিমেন্ট শুধু চাকরিতে প্রথম নিয়োগের সময় প্রযোজ্য হবে। পরবর্তী সময়ে পদোন্নতি হলে এই সুবিধা নতুন করে দেওয়া হবে না।
বিসিএস ক্যাডারে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও বিশেষ বিধান রাখা হয়েছে। ৯ম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্ত পদে সরাসরি নিয়োগ পাওয়া কর্মচারীর বেতন ৯ম গ্রেডের নির্ধারিত স্কেলে একটি অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টসহ নির্ধারণ করা হবে। তবে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ক্যাডার পদে নিয়োগ না পেলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে ৯ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।
এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে প্রথমবার নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুন সংশ্লিষ্ট কর্মচারী যোগদান করলে বর্তমান বেতন হিসেবে যে অর্থ পেতেন, তার সঙ্গে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও বর্তমান বেতনের পার্থক্যের প্রযোজ্য শতাংশ যোগ করে প্রাপ্য বেতন নির্ধারণ করা হবে।
অর্থাৎ নতুন পে-স্কেলে প্রথমবার নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীর বেতন নির্ধারণের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক বেতনই বিবেচনায় নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতা, অনুমোদিত অগ্রিম ইনক্রিমেন্ট, বিসিএস ক্যাডার বা নন-ক্যাডার অবস্থান এবং নির্ধারিত সময়ের বিশেষ বিধানও বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে ১ জুলাই তারিখটি মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!