নওগাঁর ঐতিহাসিক বলিহার রাজবাড়ী পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলিহার রাজবাড়ী চত্বরে পৌঁছালে স্থানীয়রা তাঁদের অভ্যর্থনা জানান। পরে তাঁরা রাজবাড়ীর বিভিন্ন অংশ ও প্রাচীন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁরা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে বলিহার রাজবাড়ী ও মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের পক্ষ থেকে রাজবাড়ী ও মন্দিরের উন্নয়ন ও সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “বলিহার রাজবাড়ী আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই প্রত্নসম্পদ সংরক্ষণ ও চত্বরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারও বলিহার রাজবাড়ী ও মন্দিরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, নৃসিংহ চক্রবর্তী প্রতিষ্ঠিত বলিহার রাজবংশের সঙ্গে এ অঞ্চলের ইতিহাসের যোগ রয়েছে। রাজা রাজেন্দ্রনাথ ১৮২৩ সালে রাজ-রাজেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। রাজবংশের বিভিন্ন শাসক ও ব্যক্তিত্বও এ অঞ্চলের উন্নয়ন ও সংস্কৃতিতে ভূমিকা রেখেছেন বলে জানা যায়।

পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বলিহার রাজবাড়ী ও মন্দিরের সংরক্ষণ এবং উন্নয়ন নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!