নওগাঁর ধামইরহাটে ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির উদ্যোগে ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধামইরহাট ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আখতার হোসেন।
সমিতির কার্যনির্বাহী সদস্য ও বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া সমিতির সহ-সভাপতি প্রভাষক আবাবিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও অর্থ সম্পাদক তানভির আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক এ আর এম সাদাতের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মধইল আলিম মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর রশিদ।
তিনি বলেন, পিতা-মাতার কষ্টার্জিত অর্থ বিলাসিতায় নয়, শিক্ষার পেছনে ব্যয় করে শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ৯০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও বৃক্ষচারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!