দর্শকদের হাসাতে আবারও ফিরছেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক কপিল শর্মা। নেটফ্লিক্সে আসছে তাঁর জনপ্রিয় কমেডি টক শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুম। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মৌসুমের প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন কপিল শর্মা।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুষ্ঠানটির নতুন মৌসুম। প্রতি শনিবার রাত ৮টায় নেটফ্লিক্সে প্রচারিত হবে নতুন পর্ব।
নতুন মৌসুমকে ‘ফেস্টিভ্যাল অব কমেডি’ বা হাসির উৎসব হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রচারণামূলক ভিডিওতে কপিল শর্মার সঙ্গে দেখা গেছে সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, অর্চনা পুরান সিং ও নভজ্যোৎ সিং সিধুকে। সংগীতের ছন্দে তারা অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রত্যাবর্তনের ঘোষণা দেন।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘ঢোল, নাগাড়া সব বাজবে, কারণ হাসির উৎসব এবার নেটফ্লিক্সে সাজবে!’ একই সঙ্গে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুম।
নতুন মৌসুম প্রসঙ্গে কপিল শর্মা বলেন, প্রতিটি মৌসুমের পর তাঁদের মনে হয় অনেক মজা করেছেন। তবে পরে তাঁরা বুঝতে পারেন, তাঁদের মজার ভাণ্ডার এখনো শেষ হয়নি। আর এই উপলব্ধিই তাঁদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কপিল বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছ থেকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ যে ভালোবাসা পেয়েছে, তার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ।
নেটফ্লিক্সের সিরিজ বিভাগের প্রধান তানিয়া বামিও নতুন মৌসুম নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর ভাষ্য, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ইতোমধ্যে পারিবারিক বিনোদনের অনুষ্ঠান হিসেবে দর্শকদের মধ্যে নিজস্ব জায়গা তৈরি করেছে। নতুন মৌসুমে বিভিন্ন ধরনের কমেডি ও বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও জমজমাট হবে।
এর আগে অনুষ্ঠানটির চতুর্থ মৌসুম শেষ হয়েছিল চলতি বছরের ১৪ মার্চ। কয়েক মাসের ব্যবধানেই পঞ্চম মৌসুম নিয়ে হাজির হচ্ছেন কপিল ও তাঁর দল।
নতুন মৌসুমেও থাকছে অনুষ্ঠানের পরিচিত আয়োজন—তারকাদের সঙ্গে আড্ডা, কমেডি স্কেচ, মজার কথোপকথন, রসিকতা ও হালকা রোস্ট। বিভিন্ন অঙ্গনের তারকা, আলোচিত ব্যক্তি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এবারও নানা মজার মুহূর্ত তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!